প্রান্তডেস্ক:সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আটক এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। তবে হামলায় কোনো পুলিশ সদস্য আহত হননি। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার হরিপুর বাজারসংলগ্ন পরিচের ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় হরিপুর বাজার থেকে জাকারিয়া মাহমুদকে আটক করে থানায় নিয়ে যাচ্ছিল জৈন্তাপুর থানা-পুলিশ। পথে হরিপুর বাজার পেরিয়ে পরিচের ব্রিজ এলাকায় পৌঁছালে একদল লোক সড়কে ব্যারিকেড দিয়ে পুলিশের গাড়ির গতিরোধ করে। এ সময় তারা পুলিশের ওপর হামলা চালিয়ে জাকারিয়াকে ছিনিয়ে নেয়। হামলাকারীরা পুলিশের গাড়িও ভাঙচুর করে।

সিলেটের পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী মো. যাবের সাদেক সোমবার রাতে বলেন, পুলিশ জাকারিয়া মাহমুদকে আটক করে থানায় নিয়ে যাওয়ার পথে কয়েকজন ব্যক্তি গাড়ির গতিরোধ করেন। পরে তাকে ছিনিয়ে নিয়ে যান তারা।

হরিপুর এলাকায় পুলিশের অভিযান চালাতে গিয়ে প্রায়ই চ্যালেঞ্জের মুখে পড়তে হয় উল্লেখ করে পুলিশ সুপার বলেন, ওই এলাকায় যেকোনো অভিযান পরিচালনা করতে গেলেই পুলিশকে নানা পরিস্থিতির মুখোমুখি হতে হয়।

জাকারিয়া মাহমুদ ও হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে জানিয়ে তিনি বলেন, হামলায় পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও কোনো পুলিশ সদস্য আহত হননি।