‘ইন্দিরার চোখের জল’, পাল্টা অভিযোগ আকালি দলের
প্রান্তডেস্ক:১৯৮৪ সালে স্বর্ণমন্দির চত্বরে পরিচালিত সামরিক অভিযান ‘অপারেশন ব্লু স্টারে’র সময়কার ধ্বংসযজ্ঞের ছবি দেখে সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মর্মাহত হয়েছিলেন। এ সময় তার চোখে জল দেখেছেন তারই পুত্রবধূ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তিনি নিজের স্মৃতিকথায় এ বিষয়ে লিখেছেন।
তবে তার এ দাবি নিয়ে পাঞ্জাবে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। সোনিয়া গান্ধীর বই ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ মঙ্গলবার প্রকাশিত হচ্ছে। বইয়ে ইন্দিরা গান্ধীর আবেগঘন প্রতিক্রিয়ার কথা উঠে আসার খবরের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে শিরোমণি আকালি দল। দলটির মুখপাত্র অর্শদীপ সিং ক্লের কংগ্রেস নেতৃত্বের এই শোক প্রকাশ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, অপারেশন ব্লু স্টার ছিল শিখ সম্প্রদায় এবং শিখদের সর্বোচ্চ ধর্মীয় ও সাময়িক কর্তৃত্বের কেন্দ্র শ্রী আকাল তখত সাহিবের ওপর সরাসরি হামলা। তিনি অভিযোগ করেন, অপারেশন ব্লু স্টার একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে পরিচালিত হয়েছিল। এই ঘটনার ক্ষত প্রজন্মের পর প্রজন্ম ধরে শিখদের হৃদয়ে থেকে যাবে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার সঙ্গে তুলনা টেনে ক্লের বলেন, কংগ্রেস যে যন্ত্রণা শিখদের দিয়েছে, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তিনি বলেন, শিখদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে কংগ্রেস এবং নিরীহ শিখদের হত্যা করা হয়েছে। কংগ্রেস নেতৃত্বের প্রতি প্রশ্ন তুলে তিনি বলেন, যেসব পরিবার তাদের প্রিয়জনদের হারিয়েছে এবং যাদের বাড়িঘর পুড়িয়ে দেয়া হয়েছে, তাদের সঙ্গে কথা বললেই এই যন্ত্রণার গভীরতা বোঝা যাবে।
অন্যদিকে, সামরিক অভিযানটির কোনো ধরনের সমর্থন থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করছে কংগ্রেস। তবে শিখ সম্প্রদায়ের মধ্যে বিষয়টি এখনো গভীর আবেগ ও ক্ষোভের জন্ম দিয়ে চলেছে।

