বিশ্ব বিজ্ঞান দিবস আজ

প্রান্তডেস্ক:বিশ্ব বিজ্ঞান দিবস আজ। বিশ্বজুড়ে শান্তি ও উন্নয়ন প্রতিষ্ঠায় বিজ্ঞানের গুরুত্ব তুলে ধরতে প্রতি বছর ১০ নভেম্বর দিবসটি পালন করা হয়।
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা-ইউনেস্কোর উদ্যোগে পালিত এ দিবসের মূল লক্ষ্য হলো বিজ্ঞান ও সমাজের মধ্যে সম্পর্ক জোরদার করা, বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে মানুষকে উৎসাহিত করা এবং টেকসই উন্নয়নে বিজ্ঞানের কার্যকর ভূমিকা নিশ্চিত করা।
২০২৬ সালে দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘কমন গ্রাউন্ড থ্রু সায়েন্স ডিপ্লোম্যাসি’। যার অর্থ ‘বিজ্ঞান কূটনীতির মাধ্যমে অভিন্ন ভিত্তি’। এ প্রতিপাদ্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক সহযোগিতা, পারস্পরিক আস্থা ও সংলাপ প্রতিষ্ঠায় বিজ্ঞানের ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞান এখন আর শুধু গবেষণাগার, বিশ্ববিদ্যালয় কিংবা বিজ্ঞানীদের মধ্যে সীমাবদ্ধ কোনো বিষয় নয়। মানুষের দৈনন্দিন জীবন, খাদ্যনিরাপত্তা, চিকিৎসা, কৃষি, যোগাযোগ, শিল্প, পরিবেশ, জ্বালানি, অর্থনীতি ও রাষ্ট্রীয় নীতিনির্ধারণের প্রায় প্রতিটি ক্ষেত্রেই বিজ্ঞানের প্রভাব রয়েছে।
জলবায়ু পরিবর্তন, সংক্রামক রোগ, খাদ্যসংকট, প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশদূষণের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বৈজ্ঞানিক জ্ঞান ও গবেষণার বিকল্প নেই।
বিশেষজ্ঞদের মতে, বিজ্ঞান মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি দেশ ও জাতির অর্থনৈতিক অগ্রগতির অন্যতম প্রধান চালিকাশক্তি। একটি দেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও শিল্প খাতের টেকসই উন্নয়নে গবেষণা ও উদ্ভাবনের বিকল্প নেই। তবে বিজ্ঞান ও প্রযুক্তির সুফল সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং এর অপব্যবহার রোধ করাও সমান গুরুত্বপূর্ণ।
বিশ্বব্যাপী বিজ্ঞানকে শান্তি ও উন্নয়নের হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যেই দিবসটি পালনের উদ্যোগ নেওয়া হয়। ১৯৯৯ সালে হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত বিশ্ব বিজ্ঞান সম্মেলনে বিজ্ঞান ও সমাজের মধ্যে সম্পর্ক জোরদারের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়।
এর ধারাবাহিকতায় ২০০১ সালে ইউনেস্কোর সাধারণ সম্মেলনে ১০ নভেম্বরকে ‘বিশ্ব বিজ্ঞান দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। ২০০২ সালে প্রথমবারের মতো বিশ্বব্যাপী দিবসটি উদযাপিত হয়।

