ইরানের সঙ্গে যুদ্ধ ‘সামরিকভাবে কার্যত শেষ’ : ট্রাম্প

প্রান্তডেস্ক:যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ ‘সামরিকভাবে কার্যত শেষ’ হয়েছে। প্রতিবেশি দেশগুলোর অনুরোধেই মূলত এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
বিবিসির খবরে বলা হয়, সোমবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল থানির সঙ্গে হোয়াইট হাউজে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ ‘সামরিকভাবে কার্যত শেষ’। মধ্যপ্রাচ্যের সংঘাত অবসানে চলমান আলোচনায় ‘ইতিবাচক অগ্রগতি’ হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা এখনকার পরিস্থিতিই বজায় রাখছি। প্রতিবেশী দেশগুলোর অনুরোধেই মূলত আমরা এমনটা করছি।’
মার্কিন বাহিনী নতুন করে ইরানিদের ওপর হামলা চালাবে— এমন সম্ভাবনা ‘খুবই কম’ বলে নিশ্চিত করেন ট্রাম্প। তবে পরিস্থিতি বদলালে যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রস্তুত ও সতর্ক থাকবে বলেও জানান।
সামরিকভাবে কার্যত শেষ বলার সত্ত্বেও সংঘর্ষ অবসানের বিষয়ে কেন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিচ্ছেন না— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, উপসাগরীয় অঞ্চলের কিছু মিত্র দেশ এখনো ইরানি আগ্রাসনের মুখে পড়তে পারে।
ট্রাম্প বলেন, ‘সেখানে আমাদের কিছু মিত্র রয়েছে এবং আমাদের নিশ্চিত করতে হবে যেন তাদের কোনো ক্ষতি না হয়।’ ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ এই অঞ্চলকে আরও নিরাপদ করতে সাহায্য করছে বলেই বিশ্বাস করেন তিনি।
ট্রাম্প বলেন, ইরানের নেতৃত্বকে ‘শিরচ্ছেদ করা হয়েছে’। দেশটির পারমাণবিক কর্মসূচি পুরোপুরি নিষ্ক্রিয় করতে দীর্ঘমেয়াদি সমাধান চান তিনি।
আট মাস ধরে চলা এই যুদ্ধ নিয়ে সাধারণ মানুষের অসন্তোষের মধ্যেই যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হলো। নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টি কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারিয়ে ডেমোক্র্যাটদের কাছে ক্ষমতা ছেড়ে দিয়েছে।
যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়েছে এবং বিশ্ব অর্থনীতির প্রায় প্রতিটি খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। নির্বাচনের পরই ইরানে আবার হামলা শুরুর হুমকি থেকে ট্রাম্প সরে আসছেন, তার বক্তব্য এমনই ইঙ্গিত দিচ্ছে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে আবার হামলা শুরুর হুমকি থেকে ট্রাম্প সরে আসছেন— এ পর্যন্ত তার বক্তব্যে এর সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেল।

