দক্ষিণ সুরমায় সালিশি ব্যক্তি বিএনপি নেতা গেদা মিয়াকে কুপিয়ে হত্যা
প্রান্তডেস্ক:সিলেটের দক্ষিণ সুরমার তেতলি ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে হামলায় একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আও ১০ জন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ৩নং তেতলি ইউনিয়নের ৭ ওয়ার্ডের লক্ষিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. গেদা মিয়া (৬৫) লক্ষিপুর গ্রামের সালিশ ব্যক্তিত্ব । এতে আহতরা হলেন, আনছার আলী, কাহির মিয়া,বশির মিয়া, তাহমিম আহমদ মুরাদ, রবিন, বাবুলের স্ত্রীসহ ১০জন। আহতদের সবাইকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, নিহত গেদা মিয়াদের সাথে মসজিদ কমিটি নিয়ে আলাউদ্দিন, ইলিয়াস গংদের বিরোধ রয়েছে। শুক্রবার সন্ধ্যায় আলাউদ্দিন ও ইলিয়াসসহ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে গেদা ও বাবুলের বাড়িতে হামলা চালায়।
এসময় নিহত গেদার ছেলে কামালের বাড়িতে লুটপাট করা হয়। এতে গেদা বাধা প্রদান করলে তার শরীরে ১৫/২০টি আঘাত করে হামলাকারীরা। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এসময় গ্রামের বাসিন্দা ও আহতরা তাকে রক্ষা করতে গেলে তাদের উপরও হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। পরবর্তীতে হামলাকারীরা বাবুলের বাড়িতে গিয়ে হামলা করে বাবুলের স্ত্রীকে মারপিট করে। তখন রবিন রাস্তা দিয়ে মোটর সাইকেল করে নিজ বাড়ি নিশ্চিন্তপুর যাওয়ার পথে তাকেও কুপিয়ে জখম করা হয়।
তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওলিউর রহমান জানান, তিনি হামলার খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম শনিবার বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এর আগেই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

