১৫ আগস্ট সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর হয়েছিল জনবিপ্লব: জামায়াত আমির
প্রান্তডেস্ক:১৫ আগস্টের ঘটনাকে সামরিক কর্মকর্তাদের প্রতি অবহেলা ও অপমানের প্রতিশোধ বলেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার অভিমত, ওই ঘটনায় সাধারণ মানুষের কোনো যোগ ছিল না। ৭ নভেম্বর নিয়ে তিনি বলেছেন, সেটি ছিল সিপাহিদের নেতৃত্বে ঘটা বিপ্লব যাতে সাধারণ মানুষ তাতে স্বতঃস্ফূর্তভাবে একাত্মতা দেখিয়েছিল।
বক্তব্যে শফিকুর রহমান ১৯৭২ সালের পরের রাজনৈতিক অবস্থার কথা তোলেন। তার অভিযোগ, তখনকার সরকার ১৯৭০ সালের নির্বাচনে অংশ নেওয়া ইসলামি সংগঠনগুলোকে নিষিদ্ধ করেছিল। ফলে জনগণের ম্যান্ডেটও হারিয়েছিল। তিনি আরও বলেন, রক্ষীবাহিনীকে সীমাহীন ক্ষমতা দেওয়া হয়েছিল। এতে বিচারহীনতার সংস্কৃতি শুরু হয়। নানা ধরনের দমনপীড়নের মাধ্যমে একদলীয় বাকশাল ব্যবস্থা চালু করা হয়।
শেষে ৭ নভেম্বর সিপাহিরা সংগঠিত হয়ে জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করেন। তার বর্ণনায়, তখন রাজপথে সাধারণ মানুষ তাকবির ধ্বনি দিয়ে তাদের স্বাগত জানায়। এই দিনই ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ নামে পরিচিতি পায়।

