মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের ২৩ ওষুধ কোম্পানি

ইরানের খাদ্য ও ওষুধ প্রশাসনের এক মুখপাত্র দেশটির বার্তা সংস্থা তাসনিমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, হামলায় ওষুধ উৎপাদন ও বিতরণের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রয়োজনীয় ওষুধ সরবরাহ অব্যাহত রাখা কঠিন হয়ে পড়েছে।
ওই মুখপাত্রের তথ্যমতে, ইরানে প্রায় ৭০০ ধরনের অত্যাবশ্যকীয় ওষুধ রয়েছে। এর মধ্যে ৩৭ ধরনের ওষুধ সরবরাহ করতে দেশটিকে ইতোমধ্যে সমস্যার মুখে পড়তে হচ্ছে। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর উৎপাদন ও সরবরাহ কার্যক্রম ব্যাহত হওয়ায় পরিস্থিতির আরও অবনতি হতে পারে।
তিনি আরও বলেন, হামলার দীর্ঘমেয়াদি প্রভাব ওষুধ উৎপাদনেও পড়তে পারে। বিশেষ করে ওষুধ তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করা কঠিন হয়ে উঠতে পারে। এতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বাজারে ওষুধের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
ওষুধ উৎপাদন ও বিতরণব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় ইরানের স্বাস্থ্য খাতের ওপর নতুন করে চাপ তৈরি হয়েছে। বিশেষ করে যেসব ওষুধের কাঁচামাল আমদানির ওপর নির্ভরতা রয়েছে, সেগুলোর উৎপাদন ও সরবরাহ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধের প্রভাব শুধু সামরিক ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ থাকে না; স্বাস্থ্যসেবা ও সাধারণ মানুষের জীবনযাত্রার ওপরও এর সুদূরপ্রসারী প্রভাব পড়ে। ইরানের ওষুধ খাতে সাম্প্রতিক ক্ষয়ক্ষতি সেই সংকটকে আরও গভীর করতে পারে।
তবে ক্ষতিগ্রস্ত ২৩টি প্রতিষ্ঠানের নাম, হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা পুনরায় উৎপাদন শুরু করতে কত সময় লাগতে পারে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি। সূত্র: আল-জাজিরা

