রাজু ভাস্কর্যের অনশন থেকে চারজনকে পুলিশে সোপর্দ, পরে মুচলেকায় মুক্তি
প্রান্তডেস্ক::ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ৪৫তম বিসিএসের ‘গেজেট বঞ্চিতদের’ অনশন থেকে চারজনকে পুলিশে সোপর্দ করার কয়েক ঘণ্টা বাদে পরিবারের জিম্মায় ছাড়া পেয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে তাদের পুলিশে সোপর্দ করেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতা রাজু ভাস্কর্যে অনশন বসেছিল। আমি জানতে পেরে তাদের পুলিশের হাতে তুলে দিয়েছি।”
বৃহস্পতিবার বিকাল থেকে ৪৫তম বিসিএসে গেজেট বঞ্চিতরা রাজু ভাস্কর্যে অনশন কর্মসূচি শুরু করেন। সেখান থেকে তাদের পুলিশে দেওয়া হয়।
নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক কামাল উদ্দিন বলেন, “ঢাবির প্রক্টরিয়াল টিমের মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে যায়। আটক চারজন নিষিদ্ধ ছাত্রলীগের পদধারী নেতা বলে নিশ্চিত হওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য তাদের শাহবাগ থানায় নেওয়া হয়েছে।”

