ইউক্রেন সংকট সমাধানে আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া: পুতিন

প্রান্তডেস্ক:ইউক্রেন সংকট সমাধানে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সঙ্গে আবারও ত্রিপক্ষীয় আলোচনায় বসতে রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে ইউরোপের দেশগুলোর যুদ্ধের প্রস্তুতি নিয়ে সমালোচনা করে তিনি একে ‘রাজনৈতিক সিজোফ্রেনিয়া’ বলে আখ্যা দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা পুনরায় শুরু করতে রাশিয়া সম্মত হয়েছে বলে জানান পুতিন। এর আগে তার জ্যেষ্ঠ সহকারী ইউরি উশাকভ জানিয়েছিলেন, আগামী ১০ নভেম্বরের পর রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা হতে পারে।
এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধের উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পুতিনের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। এর আগে নরওয়ের রাজধানী অসলতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন তিনি। তবে যুদ্ধ বন্ধে এখনো চূড়ান্ত কোনো সমঝোতা হয়নি।
সূত্র: তাস, সিএনএন

