সমুদ্রের গভীরে ডাকবাক্স, বছরে আসে দেড় হাজার চিঠি
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর, ২০২৬ ৩:৩৩ অপরাহ্ণ | সংবাদটি ১৫ বার পঠিত

প্রান্তডেস্ক:রাস্তার ধারে বা ডাকঘরের সামনে নয়, চিঠি পাঠাতে এখানে নামতে হয় সমুদ্রের গভীরে। জাপানের ওয়াকায়ামা প্রিফেকচারের সুসামি উপকূলে থাকা ব্যতিক্রমী এই ডাকবাক্সে প্রতিবছর জমা পড়ে দেড় হাজারেরও বেশি চিঠি।
১৯৯৯ সালে পর্যটক আকৃষ্ট করার উদ্যোগ হিসেবে স্থাপন করা ডাকবাক্সটি এখন চিঠি পাঠানোর এক অভিনব অভিজ্ঞতার জন্য পরিচিত।
সেখানে চিঠি পাঠাতে হলে পানির নিচে ডুব দিয়ে পৌঁছাতে হয়। জাপান পোস্টও এটিকে চিঠি পাঠানোর ডাকবাক্স হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে।
প্রিয়জনের কাছে মনের কথা পৌঁছে দিতে পোস্টকার্ডের ব্যবহার দীর্ঘদিনের। অল্প খরচে ছোট্ট বার্তার মাধ্যমে বন্ধু কিংবা বিদেশে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে স্মরণীয় মুহূর্ত ভাগ করে নেওয়ার সুযোগ দেয় পোস্টকার্ড। জাপানের এই পানির নিচের ডাকবাক্স সেই পরিচিত অভ্যাসের সঙ্গে যোগ করেছে ভিন্নধর্মী এক অভিজ্ঞতা।
তথ্যসূত্র: সামা টিভি।

