প্রান্তডেস্ক:যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কারাবন্দি অবস্থায় ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশটির চলমান রাজনৈতিক সংলাপকে স্বাগত জানিয়েছেন। একই সময়ে ওয়াশিংটনের উদ্যোগে ভেনেজুয়েলা সরকার ও বিরোধী পক্ষের মধ্যে নতুন রাজনৈতিক সংলাপ শুরু হওয়ার প্রস্তুতি চলছে, যা দেশটিতে রাজনৈতিক পরিবর্তন ও নির্বাচনের পথ তৈরি করতে পারে বলে আশা করছেন অনেক পর্যবেক্ষক।
রবিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড টেলিগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় মাদুরো বলেন, ‘জাতীয় পুনর্জাগরণকে যদি অভিন্ন লক্ষ্য হিসেবে দেখা হয়, তবে সেটি পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতেই হতে হবে। ভেনেজুয়েলায় শান্তি ও সহাবস্থান জোরদারে সহায়ক এমন যেকোনো সংলাপকে আমরা স্বাগত জানাই।’
এই সংলাপ এমন সময় শুরু হতে যাচ্ছে, যখন সাত মাস আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মাদুরোকে গ্রেপ্তার করে নিউইয়র্কে নিয়ে যায়। এরপর থেকে বিচার শেষ না হওয়া পর্যন্ত তিনি সেখানেই আটক রয়েছেন।
মাদুরোর অপসারণের পর তার সাবেক ডেপুটি ডেলসি রদ্রিগেজ ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। ট্রাম্প প্রশাসনের সমর্থনে এই সংলাপ শুরু হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের আশা, এর মাধ্যমে রাজনৈতিক উত্তরণ ঘটবে এবং নির্বাচনের একটি সময়সূচি নির্ধারণ করা হতে পারে।
তবে বিরোধী নেতা এবং নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদোকে এ সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি। বর্তমানে পানামায় অবস্থানরত মাচাদো গত সপ্তাহে জানান, তিনি সংলাপে অংশ নেবেন না। তবে এ প্রক্রিয়ার বিরোধিতাও করবেন না বলে স্পষ্ট করেন।
অন্যদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের কর্মকাণ্ডের প্রশংসা করেছেন।
মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারসংক্রান্ত অভিযোগে বিচার আগামী ১ জুন ২০২৭ শুরু হওয়ার কথা রয়েছে। তার বিরুদ্ধে মাদক-সংশ্লিষ্ট সন্ত্রাসবাদসহ চারটি অভিযোগ আনা হয়েছে। একই মামলায় তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধেও তিনটি অভিযোগ রয়েছে। তবে দুজনই সব অভিযোগ অস্বীকার করেছেন।