বিক্ষুব্ধ কবি-লেখক সমাজের দ্বিতীয় বর্ষপূর্তি:: ‘গণ-অভ্যুত্থান সফল হলেও বিপ্লব অপূর্ণ রয়ে গেছে’

প্রান্তডেস্ক:জুলাই গণঅভ্যুত্থানে ১৪৪ ধারা উপেক্ষা করে সমাবেশ ও গণমিছিল করা রাজপথের সংগঠন ‘বিক্ষুব্ধ কবি-লেখক সমাজ’-এ দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে অতিথিরা বলেছেন, গণ-অভ্যুত্থান রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করলেও সমাজ ও সংস্কৃতির কাঙ্ক্ষিত রূপান্তর এখনো সম্পূর্ণভাবে অর্জিত হয়নি। একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও সংস্কৃতিমনস্ক রাষ্ট্র গঠনে সাংস্কৃতিক চর্চা, মুক্তবুদ্ধির বিকাশ এবং নাগরিক দায়িত্ববোধকে আরও শক্তিশালী করতে হবে।
বক্তারা বলেন, গণ-অভ্যুত্থান সফল হলেও বিপ্লব অপূর্ণ রয়ে গেছে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষার বিপরীতে হাঁটলে বিপর্যয় নেমে আসতে বাধ্য। অনৈক্য, বিভাজন ও সংশয়কে পায়ে দলে বাংলাদেশপন্থার পক্ষে কাজ করতে হবে। রাজনৈতিকভাবে ফ্যাসিবাদ পরাজিত হলেও আধিপত্যবাদী সাংস্কৃতিক লীগ সক্রিয় রয়েছে। জুলাই গণহত্যার বিচার ও ফ্যাসিবাদ পুনর্বাসনের বিরুদ্ধে গণঐক্য দরকার।
‘সমাজ ও সংস্কৃতি বদলের ভাবনা’ প্রতিপাদ্য সামনে রেখে বিক্ষুব্ধ কবি-লেখক সমাজের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এই আলোচনা সভা রবিবার (২ আগস্ট) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। এতে দেশের সাহিত্য, সংস্কৃতি, গণ-আন্দোলন ও নাগরিক সমাজের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠান উদ্বোধন করেন শহীদ আনাসের মা সানজিদা খান দীপ্তি ও বাবা শাহরিয়ার খান পলাশ। সংগঠনের মুখপাত্র কবি ইমরান মাহফুজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন গীতিকবি শহীদুল্লাহ্ ফরায়জী, জাতিসংঘের সিভিল সোসাইটি প্রতিনিধি ড. আবুল কাশেম শেখ, সংবিধান বিশেষজ্ঞ আরিফ খান, লেখক ও চিন্তক ড. কাজল রশীদ শাহীন, প্রকাশক সৈয়দ জাকির হোসেন, কবি ও জুলাই সংগঠক বোরহান মাহমুদ। সমাপনী বক্তব্য দেন বিক্ষুব্ধ কবি-লেখক সমাজের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কবি আবিদ আজম।
উপস্থিত ছিলেন কবি সাইয়েদ জামিল, কবি তানজীনা ফেরদৌস, কবি আহমেদ ইসহাক, জুলাইয়ে আহত সমন্বয়ক ও কবি ইব্রাহীম নীরব, শেরীফ ফারুকী, ফারুক খান, সুজন হাসান, আহমেদ ইশাক, রেজাউল করিম শেখ, রাসেল খান, ফারহানা সাদিকা, আরিফুর রহমান সবুজ ও মোশফেকা জাহান সালমাসহ শিল্প-সাহিত্য অঙ্গনে তরুণ ও বিশিষ্ট ব্যক্তিরা।
অংশগ্রহণকারীরা সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল চর্চার মাধ্যমে একটি বৈষম্যহীন, মানবিক ও প্রগতিশীল বাংলাদেশ বিনির্মাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিন বিকেল ৪টায় বিশ্বসাহিত্য কেন্দ্রের গেটে জুলাই গণহত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করে বিক্ষুব্ধ কবি-লেখক সমাজ। এতে কথা বলেন আবিদ আজম, সাংবাদিক সাঈদ আহমেদ, কবি আহমেদ ইসহাক, বোরহান মাহমুদ ও ইমরান মাহফুজ প্রমুখ।

