আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ
প্রান্তডেস্ক:আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মঞ্জুরুল বাছিদের বাসার সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঞ্জুরুল বাছিদের বাসা রাজধানীর ধানমন্ডি এলাকায়। এ ঘটনায় পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনের সহায়তায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানান, বিচারকের বাসার সামনে চার থেকে পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত অবস্থায় আরও তিনটি ককটেল উদ্ধার করা হয়। পরে বোমা নিষ্ক্রিয়করণ দল সেগুলো নিষ্ক্রিয় করে। তিনি আরও জানান, ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনের সহায়তায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের ঠিক আগে এ ঘটনা ঘটে। বিচারক নামাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, এমন সময় তার বাসার সামনে ককটেলগুলো নিক্ষেপ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিচারক মঞ্জুরুল বাছিদের ছেলে মাহমুদুল বাছিদ। তিনি জানান, জুমার নামাজের ঠিক আগমুহূর্তে তাদের ধানমন্ডির বাসার সামনে দুর্বৃত্তরা তিনটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে দুটি বিস্ফোরিত হয়েছে এবং একটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে।

