সাত দাবিতে ১১ দলের লংমার্চ আগামীকাল (শনিবার)

প্রান্তডেস্ক:গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দুর্নীতি-চাঁদাবাজি বন্ধসহ সাত দফা দাবিতে ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া পর্যন্ত লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য।
শনিবার এ কর্মসূচি পালিত হবে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার গণভোটের রায় অস্বীকার করে রাজনৈতিক সংকট তৈরি করছে। এ সংকটের সমাধান সংসদেই করতে হবে।
শুক্রবার রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। লংমার্চের প্রস্তুতি ও কর্মসূচির বিস্তারিত তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ১১ দলের সাত দফা দাবির মধ্যে প্রথমটি গণভোটের রায় বাস্তবায়ন। তিনি বলেন, বিএনপি এবং বর্তমান প্রধানমন্ত্রীও গণভোটে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। গণভোটের অধ্যাদেশ জারির পর নির্বাচন ও সরকার গঠনের আগ পর্যন্ত বিএনপি কখনো একে সংবিধানবিরোধী বলেনি। এখন ক্ষমতায় গিয়ে গণভোটের রায় নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে।
মিয়া গোলাম পরওয়ারের ভাষায়, ‘একটা ভোটকে ইনজয় করে আপনি প্রধানমন্ত্রী আর এমপি হয়ে গেলেন, আরেকটা অস্বীকার করলেন।’
তিনি বলেন, আগামী ৯ তারিখে সংসদ অধিবেশন রয়েছে। সরকার আন্তরিক হলে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডেকে বিষয়টি সংসদে নিষ্পত্তি করতে পারে। এ ক্ষেত্রে বিরোধী দল সহযোগিতা করতে প্রস্তুত বলেও দাবি করেন তিনি।
গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট আরও বাড়তে পারে বলে সতর্ক করেন জামায়াতের এই নেতা। তার অভিযোগ, সরকার একদলীয় ও কর্তৃত্ববাদী মনোভাব নিয়ে এগোচ্ছে। এতে দেশকে সংঘাতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
১১ দলের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে জুলাই গণহত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধ করা।

