জাতিসংঘের শরণার্থী সংস্থার বাজেট কাটছাঁট: ঝুঁকিতে বাংলাদেশে আশ্রিত ১২ লাখ রোহিঙ্গা
প্রান্তডেস্ক:চরম আর্থিক সংকটের মুখে পড়ে ২০২৭ সালের বাজেট ও কর্মী সংখ্যা ব্যাপকভাবে কমানোর পরিকল্পনা করছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)। বিশেষ করে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে সংস্থাটির বাজেট ২২ শতাংশ পর্যন্ত কমিয়ে দেয়ার প্রস্তাব করায় বাংলাদেশে আশ্রয় নেয়া ১২ লাখেরও বেশি রোহিঙ্গার মানবিক সহায়তা ও সার্বিক পরিস্থিতি মারাত্মক ঝুঁকির মুখে পড়তে যাচ্ছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এই বাজেট সংকোচনের বড় প্রভাব পড়বে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের ওপর। কক্সবাজার ও ভাসানচরের রোহিঙ্গা শিবিরে আশ্রিত ১২ লাখেরও বেশি মানুষ পুরোপুরি আন্তর্জাতিক সহায়তার ওপর নির্ভরশীল।
ইতিমধ্যে অনুদান কমে যাওয়ায় খাদ্য সহায়তা, চিকিৎসা ও জীবনযাত্রার মান নিয়ে চরম সংকটে রয়েছেন তারা। নতুন করে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বরাদ্দ ২২ শতাংশ কমে গেলে রোহিঙ্গাদের সুরক্ষা ও মৌলিক চাহিদা পূরণ আরও কঠিন হয়ে পড়বে। জেনেভার বৈঠকে কূটনীতিকরা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের এমন পশ্চাদপসরণের ফলে বাংলাদেশের মতো প্রধান আশ্রয়দাতা দেশগুলোর ওপর একতরফা বিশাল আর্থিক ও সামাজিক চাপ তৈরি হবে এবং দেশগুলো কীভাবে এই বিপুল ব্যয় মেটাবে তা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে।

