মালয়েশিয়ায় ২ লাখ শ্রমিক পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে সেপ্টেম্বরে
মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান এবং স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান। ছবি : সংগৃহীত
প্রান্তডেস্ক:আগামী ছয় মাসের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় ২ লাখ জনশক্তি নেবে মালয়েশিয়া। এর মধ্যে ১০ হাজার কর্মী কোনো খরচ ছাড়াই দেশটিতে যাওয়ার সুযোগ পাবেন। আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ এই নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে।
রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমানের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও সচিব মো. শহীদুল হাসান উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের জানান, মালয়েশিয়া তাদের তালিকাভুক্ত কোম্পানির মাধ্যমে আগামী ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেবে। এর বাইরে বিশেষ সুবিধায় আরও ১০ হাজার শ্রমিক ‘জিরো কস্ট’ বা সম্পূর্ণ বিনা খরচে দেশটিতে যাওয়ার সুযোগ পাবেন। বর্তমানে মালয়েশিয়ায় প্রায় আট লাখ নিবন্ধিত বাংলাদেশি কর্মী রয়েছেন। সেখানে অবস্থানরত অনিবন্ধিত শ্রমিকদের নিবন্ধনের প্রক্রিয়াও সেপ্টেম্বরের শেষ দিকে শুরু হবে বলে বৈঠকে জানানো হয়।
মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে সরকার আন্তরিক। কেবল জনশক্তি রপ্তানিই নয়, বাংলাদেশের প্রকৌশলীদের কর্মসংস্থান, যৌথ উদ্যোগে হাসপাতাল নির্মাণ, বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও দুই দেশ একমত হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে ইলেকট্রিক গাড়ি আমদানি, নির্মাণ খাত এবং হালাল ফুডসহ বিভিন্ন বাণিজ্যিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দুই দেশই এই সম্পর্ককে একটি কার্যকর অর্থনৈতিক অংশীদারত্বে রূপ দিতে আগ্রহ প্রকাশ করেছে।


