খুলনায় মোটরসাইকেলে এসে বিএনপি নেতাকে গুলি
প্রকাশিত হয়েছে : ৩ জুন, ২০২৬ ৪:৩০ অপরাহ্ণ | সংবাদটি ৩ বার পঠিত

প্রান্তডেস্ক:খুলনার রূপসা উপজেলায় ওয়ার্ড পর্যায়ের এক বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তালতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে রূপসা থানার ওসি আবদুর রাজ্জাক মীর জানিয়েছেন।
আহত ৪৫ বছর বয়সী শাহীনুর শেখ তালতলা এলাকার আতিয়ার শেখের ছেলে। রূপসা উপজেলার ৪ নম্বর টিএসবি বাহিরদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির এ সহ সভাপতি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ পুলিশ কর্মকর্তা বলছেন, ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে। হামলার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে।
এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি এবং কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

