ডিআরইউ-এর তীব্র নিন্দা: আদালত প্রাঙ্গণে নারী সাংবাদিকের ওপর হামলা
প্রান্তডেস্ক: ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)এর সাবেক কার্যনির্বাহী সদস্য ও নারী সাংবাদিক নার্গিস আক্তার সরকার জুঁইয়ের ওপর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ভবনের বারান্দায় হামলার ঘটনা ঘটেছে।
বুধবার ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক যৌথ বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ২ জুন সাংবাদিক নার্গিস আক্তার সরকার জুঁই তার স্বামী সৈয়দ শাহ্ নেওয়াজ হোসেনের দায়ের করা একটি সাধারণ ডায়েরি (জিডি) সংক্রান্ত বিষয়ে সিএমএম কোর্ট ভবনের ৪র্থ তলায় ৬ নম্বর আদালতের সামনের বারান্দায় অবস্থান করছিলেন। বেলা আনুমানিক ১১টা ২৫ মিনিটে অজ্ঞাতনামা এক ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তাকে স্বজোরে ধাক্কা দেয়। এ বিষয়ে প্রতিবাদ করলে ওই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে এবং একপর্যায়ে তাকে এলোপাতাড়িভাবে কিল-ঘুষি মারতে থাকে।
বিবৃতিতে ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, বিচারপ্রার্থী মানুষের জন্য নির্ধারিত আদালত প্রাঙ্গণের মতো একটি গুরুত্বপূর্ণ ও নিরাপত্তাবেষ্টিত স্থানে একজন নারী সাংবাদিকের ওপর প্রকাশ্যে হামলার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক, উদ্বেগজনক এবং আইনের শাসনের প্রতি চ্যালেঞ্জস্বরূপ। এ ধরনের ঘটনা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ এবং অবাধ চলাচলের ক্ষেত্রে গুরুতর হুমকি সৃষ্টি করে।
নেতৃবৃন্দ আরও বলেন, একজন নারী সাংবাদিকের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আদালত প্রাঙ্গণে সংঘটিত এ ঘটনায় জড়িত ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। অন্যথায় ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটার আশঙ্কা রয়েছে।
সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনার মাধ্যমে হামলাকারীকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। একই সঙ্গে তারা সাংবাদিক নার্গিস আক্তার সরকার জুঁইয়ের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

