প্রান্তডেস্ক:ভারতের বেনারসের প্রায় ২০০ বছরের পুরোনো একটি মসজিদেরে একাংশ ভেঙে ফেলা হয়েছে। কাশী রেলওয়ে স্টেশনকে একটি মাল্টি-মডেল পরিবহন কেন্দ্র হিসেবে পুনর্নির্মাণের জন্য উচ্ছেদ অভিযান চালিয়ে এ মসজিদটি ভাঙা হয়।
মঙ্গলবার(২ জুন) রাতে কড়া নিরাপত্তার মধ্যে এ অভিযানে বেনারসের প্রায় ২০০ বছরের পুরোনো আজগাইব শহিদ মসজিদটি ভেঙে ফেলা হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, কাঠামোটি রেলওয়ের জমিতে অবস্থিত ছিল, যা স্টেশনের আধুনিকীকরণ এবং সম্প্রসারণের জন্য নির্ধারিত।
দি স্টেটসম্যান-এর তথ্য মতে, কর্তৃপক্ষ জানিয়েছে, কাশী রেলওয়ে স্টেশনের পুনর্নির্মাণের পরবর্তী ধাপের জন্য জমি খালি করার এই প্রক্রিয়াটি জরুরি ছিল।
এই উচ্ছেদ অভিযানটি একটি বড় অবকাঠামো প্রকল্পের সাথে যুক্ত। এর অধীনে কাশী রেলওয়ে স্টেশনকে বিমানবন্দরের মতো সুযোগ-সুবিধা সম্বলিত একটি সমন্বিত পরিবহন হাবে রূপান্তর করা হচ্ছে। আনুমানিক ৩৩০ কোটি থেকে ৪০০ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের লক্ষ্য হলো—শহরে যাত্রী চলাচল ব্যবস্থা উন্নত করতে রেল, সড়ক, মেট্রো এবং জলপথ পরিবহন নেটওয়ার্ককে একটি একক স্থানে সংযুক্ত করা।
অভিযান চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে সেজন্য প্রশাসন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল। যুগ্ম পুলিশ কমিশনার শিব হরি মীনা নিরাপত্তা ব্যবস্থার নেতৃত্ব দেন। এই সময় বেশ কয়েকজন আইপিএস কর্মকর্তা, পুলিশ সদস্য এবং আধাসামরিক বাহিনী ওই এলাকায় এবং এর আশেপাশে মোতায়েন ছিল। অভিযান চলাকালীন দুর্ঘটনাস্থলে প্রবেশের পথ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়।
কর্মকর্তারা জানান, উচ্ছেদ প্রক্রিয়ায় পাঁচটি জেসিবি মেশিন এবং দুটি পোকল্যান্ড এক্সকাভেটর ব্যবহার করা হয়েছে। উচ্ছেদ কাজ শুরু করার আগে ঊর্ধ্বতন কর্মকর্তারা এলাকা ও নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন।