চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

চট্টগ্রামের অনন্যা আবাসিক এলাকায় উত্তর জেলা ছাত্রলীগের ঝটিকা মিছিল। ছবি : সংগৃহীত
প্রান্তডেস্ক:চট্টগ্রামে আবারও ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (৩ জুন) সকালে নগরীর অনন্যা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালের সামনে অক্সিজেন-কুয়াইশ সড়কে এই মিছিল বের করা হয়। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের ব্যানারে আয়োজিত এই মিছিলের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ও ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’-এমন নানা স্লোগান দিচ্ছেন।
এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, ‘অনন্যা আবাসিক এলাকাটি হাটহাজারী, চান্দগাঁও ও বায়েজিদ বোস্তামী-এই তিন থানার সীমান্তে অবস্থিত। মিছিলের বিষয়টি নজরে আসার পর হাটহাজারী থানায় মামলা করার প্রক্রিয়া চলছে। বুধবার বিকেল পর্যন্ত কাউকে আটক করা সম্ভব না হলেও আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’
এর আগে গত সোমবার সকালে নগরীর জিইসি মোড় এলাকায় ঝটিকা মিছিল করে নিষিদ্ধ ছাত্রলীগের ওমরগণি এমইএস কলেজ শাখার নেতাকর্মীরা। ওই ঘটনার পর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অন্তত ৭০ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

