মুনাফা পকেটস্থ করছে ভারতের কর্পোরেট সংস্থাগুলো, তীব্র সমালোচনা করলেন মোদি
প্রান্তডেস্ক:ভারতের কর্পোরেট সংস্থা সমূহের মুনাফা পকেটস্থ করার তীব্র সমালোচনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্যবসায়িক নেতাদের উপস্থিতিতে এক অনুষ্ঠানে মোদি বলেন, আপনাদের ক্ষুধা এতোটাই, কর্পোরেট কর হ্রাসের মুনাফা পকেটস্থ করছেন এবং কর্মসংস্থান সৃষ্টি বা মজুরি বৃদ্ধির জন্য কিছুই করছেন না। মোদি আরও বলেন, সরকার ১২ লক্ষ রুপি পর্যন্ত আয়কে করমুক্ত করেছে, কিন্তু বেসরকারি খাত এই পদক্ষেপের প্রশংসা করেনি।
ভারতের কর্পোরেট সংস্থাসমুহের তীব্র সমালোচনা করে বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে সরকারের কর ছাড়ের সমস্ত সুবিধা আত্মসাৎ করার এবং কর্মসংস্থান সৃষ্টি বা মজুরি বৃদ্ধি না করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষোভ প্রকাশ করেছেন। শিল্প সংস্থা সমূহের সংগঠন ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ তাদের শতবর্ষ পালনের অনুষ্ঠান করছে।
ব্যবসা করার সুবিধার্থে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা বলতে গিয়ে মোদি ব্যবসায়ী নেতাদের উদ্দেশ্যে বলেছেন, ‘মুঝে মালুম হ্যায় তালি নেহি বাজাওগে। আচ্ছি তরাহ জানতা হুঁ কিউঙ্কি আপকি ভুখ ইতনি হ্যায়, কিতনা হি খেলাও, পেট ভরতা নেহি হ্যায় (আমি জানি আপনারা হাততালি দেবেন না। আমি তা খুব ভালো করেই জানি, কারণ আপনাদের ক্ষুধা এতটাই বিশাল যে, আপনাদের যতই দেওয়া হোক না কেন, তা কখনোই যথেষ্ট হয় না)।’
পারিবারিক খরচ বাড়াতে সরকার কীভাবে তার ভূমিকা পালন করছে সে সম্পর্কে বলতে গিয়ে মোদি বলেন, ‘আমরা আয়করে এত বড় ছাড় দেওয়ার মতো সাহসী পদক্ষেপ নিয়েছি। এটি আমাদের জনগণের ক্রয়ক্ষমতা যথেষ্ট পরিমাণে বাড়িয়েছে।’

