পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর

প্রান্তডেস্ক:তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি ও শ্রমিকদের ক্রয়ক্ষমতা বিবেচনার তাগিদ দিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। একই সঙ্গে মজুরি নির্ধারণে নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত ও অর্থনৈতিক বাস্তবতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
এতে বলা হয়েছে, বাংলাদেশের তৈরি পোশাক খাতের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ এবং চলমান অস্থিরতার ঘটনাপ্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আইএলও। এই অস্থিরতার প্রভাব শ্রমিকদের জীবন-জীবিকা, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্পসম্পর্কের ওপর পড়ছে।
পাশাপাশি উৎপাদনশীলতা, কর্মসংস্থান, অর্থনৈতিক উন্নয়ন এবং শিল্পপ্রতিষ্ঠানের টেকসই সক্ষমতার মতো বিষয়ও গুরুত্ব দিতে হবে। এ ছাড়া দেশের সাধারণ মজুরির স্তর, সামাজিক নিরাপত্তা সুবিধা, শিল্পের সক্ষমতা এবং অন্যান্য সামাজিক গোষ্ঠীর তুলনামূলক জীবনমান বিবেচনায় নেওয়ার কথা বলেছে সংস্থাটি।
বিবৃতিতে পোশাক খাতের চলমান পরিস্থিতিতে সহিংসতা, ভাঙচুর ও উৎপাদন কার্যক্রমে বিঘ্নের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আইএলও। এসব ঘটনার ফলে শ্রমিক, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্পসম্পর্ক গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করে সংস্থাটি।
শ্রমিকদের সংগঠন করার স্বাধীনতা, সংগঠিত হওয়ার অধিকার এবং যৌথ দর-কষাকষির অধিকারকে সুস্থ শিল্পসম্পর্কের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি। সংকটের সময়েও এসব অধিকার সম্মান করার ওপর জোর দিয়েছে তারা।
পোশাক খাতে মজুরি ও কর্মপরিবেশের টেকসই উন্নয়নে শুধু কারখানার মালিক ও শ্রমিকদের নয়, পুরো সরবরাহব্যবস্থার সংশ্লিষ্ট অংশীজনদের সম্মিলিত দায়িত্ব রয়েছে বলেও মনে করে আইএলও। এ ক্ষেত্রে আন্তর্জাতিক ক্রেতাদের দায়িত্বশীল ব্যবসায়িক ও ক্রয়চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দায়িত্বশীল ক্রয়নীতি শ্রমিকদের মজুরিসংক্রান্ত বাধ্যবাধকতা পূরণ, শোভন কর্মপরিবেশ নিশ্চিত এবং দীর্ঘ মেয়াদে পোশাক খাতের প্রতিযোগিতা সক্ষমতা ও টেকসই উন্নয়নে সহায়তা করতে পারে।
এদিকে বাংলাদেশের মজুরি নীতিকে আরো শক্তিশালী করতে সরকার, মালিক ও শ্রমিক সংগঠনগুলোকে কারিগরি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আইএলও। সংস্থাটি বলেছে, তথ্য-প্রমাণ তৈরি, সক্ষমতা উন্নয়ন ও সামাজিক সংলাপের মাধ্যমে একটি প্রমাণভিত্তিক এবং জেন্ডার-সংবেদনশীল জাতীয় মজুরি নীতি গ্রহণে তারা সহযোগিতা করতে প্রস্তুত।
আইএলওর মতে, এ ধরনের জাতীয় মজুরি নীতি বাস্তবায়িত হলে মজুরি নির্ধারণ প্রক্রিয়ায় পূর্বানুমানযোগ্যতা, স্বচ্ছতা ও ন্যায্যতা বাড়বে। একই সঙ্গে টেকসই শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা এবং সৌহার্দ্যপূর্ণ শিল্পসম্পর্ক বজায় রাখার পথ তৈরি হবে।

