হবিগঞ্জকে দ্বিতীয় গোপালগঞ্জ বানানোর ঘোষণা, নবীগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রান্তডেস্ক:হবিগঞ্জকে দ্বিতীয় গোপালগঞ্জ বানানোর ঘোষণা ও উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে নবীগঞ্জ উপজেলায় আকলুস আহমেদ রিয়াজ নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়ভাবে আকলুস আহমেদ রিয়াজ হবিগঞ্জকে দ্বিতীয় গোপালগঞ্জ হিসেবে গড়ে তোলার হুমকি দিয়ে উসকানিমূলক বক্তব্য দেন। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি ও জনশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় পুলিশ তাঁকে গ্রেপ্তারের উদ্যোগ নেয়।
গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার সকালে দত্তগ্রাম এলাকায় নবীগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামি আকলুস আহমেদ রিয়াজ (২৫) উপজেলার সদর ইউনিয়নের দত্তগ্রামের বাবুল মিয়ার পুত্র।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, উসকানিমূলক বক্তব্য দিয়ে এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার অভিযোগে আকলুস মিয়ার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

