হোটেল থেকে আটক ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা
প্রান্তডেস্ক:সিলেট নগরের একটি হোটেলে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতার অবস্থানের খবর ছড়িয়ে পড়ার পর সেখানে জড়ো হন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। পরে পুলিশ গিয়ে হোটেলের একটি কক্ষ থেকে ওই নেতাকে আটক করে। এ সময় হোটেলের দুই কর্মীকেও আটক করা হয়। তাদের বিরুদ্ধে পুলিশের কাছে তথ্য গোপন ও তল্লাশিতে অসহযোগিতার অভিযোগ রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হোটেলটির একটি কক্ষে ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন অবস্থান করছেন এমন খবর পেয়ে সেখানে যান মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর নেতৃত্বে দলটির নেতা-কর্মীরা। তারা হোটেলের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। পরে তাদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় এয়ারপোর্ট থানা-পুলিশ।
পুলিশ ও বিএনপির নেতা-কর্মীরা মিলে হোটেলের একটি কক্ষে তল্লাশি চালিয়ে দেলোয়ার হোসেনকে বের করে আনেন। তাকে আটক করার সময় সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে উত্তেজিত নেতা-কর্মীরা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।
এ বিষয়ে মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বুধবার দুপুরে বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে তথ্য পেয়ে পুলিশ হোটেলটিতে যায়। শুরুতে হোটেলের ব্যবস্থাপক সেখানে ছাত্রলীগের কোনো নেতা নেই বলে জানান। পরে পুলিশ তল্লাশি চালিয়ে দেলোয়ার হোসেনকে খুঁজে বের করে আটক করে। তাকে এয়ারপোর্ট থানায় নেওয়া হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ভুল তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অসহযোগিতা করার অভিযোগে হোটেল ব্যবস্থাপককে এবং তল্লাশির কাজে সহযোগিতা না করায় আরেক কর্মীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আটক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থাকা মামলা ও অন্যান্য বিষয় পর্যালোচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

