অবৈধভাবে অনুপ্রবেশ: সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত
প্রান্তডেস্ক:সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে সীমান্তের উপজেলার কালিন্দী নদী এলাকায় এ ঘটনা ঘটে।
আহতের স্বজনরা বলছেন, গুলিবিদ্ধরা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিলেন। ভারত থেকে দেশে ফেরার পথে তারা গুলিবিদ্ধ হয়েছেন।
মহিউদ্দীনের ভাই ইশারাত আলী বলেন, কয়েক মাস আগে মহিউদ্দিন ও মো. শাহীন অবৈধভাবে বাংলাদেশ থেকে কাজের সন্ধানে ভারতে যান। তারা কলকাতা থেকে তামিলনাড়ু রাজ্যে গিয়ে রাজমিস্ত্রির শ্রমিক হিসেবে কাজ করছিলেন। বুধবার রাত ২টা থেকে আড়াইটার মধ্যে তারা অবৈধভাবে দেশে ফেরার চেষ্টা করেন। ওই সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তারা আহত হন। সকালে একটি অচেনা ফোন থেকে কল আসে। কল পাওয়ার পর নলতা থেকে তাদের উদ্ধার করে প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন বলেন, বুধবার ভোরের দিকে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় তারা বিএসএফের গুলির শিকার হয়েছেন। তবে ঘটনাটি ঠিক কোন সীমান্তে ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জানতে চাইলে সাতক্ষীরার নীল ডুমুর- ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শারিয়ার বলেন, কালীগঞ্জ উপজেলার বাঁশঝাড়িয়া সীমান্তে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। কোনো সীমান্তে ঘটনাটি ঘটেছে তা এখনো অস্পষ্ট।
সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান গণমাধ্যমকে জানান, আহত ওই দুজন ঠিক কোন এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

