বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ছবি: সংগৃহীত
প্রান্তডেস্ক:লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে আলী হোসেন (৪৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার দিনগত মধ্যরাতে পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ৮৭৪/৫-এস নং পিলার এলাকায় ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
নিহত আলী হোসেন পাটগ্রাম সীমান্ত এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।
বিজিবি ও সীমান্তবাসী জানান, ভারতীয় চোরাচালানিদের সহায়তায় ধবলগুড়ি সীমান্তে ৮৭৪/৫-এস নং পিলার এলাকা শুন্যরেখায় অবস্থান করে ভারতে অবৈধ প্রবেশের চেষ্টা করে ৭/৮ জন চোরাচালান চক্রের একটি দল। তাদেরকে তাড়িয়ে দিতে প্রথমে এক রাউন্ড ফাঁকা গুলি করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিসী (বিএসএফ) ১৫৬ ব্যাটালিয়নের সাতগ্রাম ক্যাম্পের সদস্যরা। পরে চক্রটি ভারতের ৫ শত গজ অভ্যন্তরে অনুপ্রবেশ করায় দ্বিতীয়বার এক রাউন্ড গুলি ছুড়ে বিএসএফ। সেই গুলি বিদ্ধ হয়ে আলী হোসেন ঘটনাস্থলে মারা যান। বাকীরা পালিয়ে আসলেও আলী হোসেনের লাশ নিয়ে যায় বিএসএফ সদস্যরা।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তিস্তা ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সৈয়দ ফজলে মুনিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় দেশের সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।’

