একই দিনে দুই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, একজনের ছিল বিয়ের দিন
প্রান্তডেস্ক:হবিগঞ্জের মাধবপুরে একই দিনে পৃথক স্থান থেকে দুই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার বাঘাসুরা ও বহরা ইউনিয়নের দুটি গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের একজনের বিয়ের দিন ছিল শুক্রবার। বিয়ের সব আয়োজন সম্পন্ন করে বরপক্ষের অপেক্ষায় ছিলেন পরিবারের সদস্যরা। এর মধ্যেই তার মৃত্যুর খবরে আনন্দের বাড়িতে নেমে আসে শোকের ছায়া।
নিহতরা হলেন, মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সুমাইয়া জান্নাত তন্নী (১৮) এবং বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামের খেলু মিয়ার মেয়ে স্বর্ণা (২০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে তন্নীকে নিজ ঘরের সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাকে উদ্ধার করা হয়। অন্যদিকে, একই দিন দুপুর ১২টার দিকে স্বর্ণাকে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার তন্নীর বিয়ের দিন নির্ধারিত ছিল। এ উপলক্ষে বাড়িতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। বরপক্ষের আসার অপেক্ষায় ছিলেন স্বজনরা। এর মধ্যেই তন্নীর মৃত্যুর ঘটনায় পরিবারের বিয়ের আয়োজন শোকে পরিণত হয়।
খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই তরুণীর মরদেহ উদ্ধার করে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ দুই তরুণীর মরদেহ উদ্ধার করেছে। কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের আবেদন করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

