জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাঁচ কর্মকর্তাকে থানায় হস্তান্তর

আটক পাঁচ কর্মকর্তা হলেন- বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেন, রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার (গ্রেড-২) নুরুল হুদা এবং ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান রনি।
এর আগে, সোমবার (১৬ নভেম্বর) আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের পাঁচ কর্মকর্তাকে ঘিরে ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তাদের প্রক্টর অফিসে নেওয়া হয়। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা তাঁদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন।
এদিকে, আটক কর্মকর্তাদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদদীন। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর তাদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সোমবার রাতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম গনমাধ্যমকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্মকর্তাদের বিরুদ্ধে সুস্পষ্ট লিখিত অভিযোগ দিয়ে তাদের পুলিশের কাছে হস্তান্তর করেছে। সবকিছু খতিয়ে দেখে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
অন্যদিকে, ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাসির আহমাদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

