শেখ হাসিনা দেশে ফিরলে কি ফাঁসি থেকে বাঁচতে পারবেন?
প্রান্তডেস্ক:চব্বিশের গণঅভ্যুত্থানের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ধারিত সময়ে রায়ের বিরুদ্ধে আপিল করেননি। ফলে এখন তার মৃত্যুদণ্ড কার্যকরে কোনো আইনি বাধা নেই বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তবে তার এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন সুপ্রিম কোর্টের বেশ কয়েকজন জ্যেষ্ঠ আইনজীবী।
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বিবিসি বাংলাকে জানান, আপিল করার জন্য নির্ধারিত ৩০ দিনের সময় পার হয়ে গেলেও শেখ হাসিনা তা করেননি। তাই ভবিষ্যতে তার আপিল দায়ের করার কোনো আইনগত সুযোগ নেই। এমনকি আপিল শুনানি ছাড়াই তার মৃত্যুদণ্ড কার্যকর করা সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি। এছাড়া সংবিধানের ১০৪ অনুচ্ছেদের আওতায় ‘সম্পূর্ণ ন্যায়বিচার’ নীতির সুযোগও তিনি পাবেন না বলে দাবি করেন চিফ প্রসিকিউটর।
তবে চিফ প্রসিকিউটরের এমন বক্তব্যে বিস্ময় ও দ্বিমত প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের একাধিক আইনজীবী। জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ বিবিসি বাংলাকে বলেন, ‘ফৌজদারি মামলার অন্যতম একটি মূল নীতি হলো, যেকোনো রায়কে আপিলের মাধ্যমে চূড়ান্ত করতে হয় এবং আমাদের বিচার ব্যবস্থাও সেভাবেই তৈরি। যারা বলছেন তিনি আপিল করতে পারবেন না, সেটি সম্ভবত রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে বলছেন।’
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। সম্প্রতি তার দেশে ফেরার ঘোষণা আসার পর থেকেই এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও বিতর্ক চলছে।


