শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন বীণা সিক্রি
প্রান্তডেস্ক:ভারতে আশ্রিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে বরাবরই প্রত্যর্পণ চুক্তির কথা বলছে ঢাকা। সম্প্রতি দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হাসিনার পক্ষে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে অনুরোধ জানানো হলেও তা নাকচ করেছে সরকার। একই সঙ্গে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনার অবস্থানে অনড় রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে সরকারের এই অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার বীণা সিক্রি। তার দাবি, বিএনপি সরকার আসলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিতে চায় না। প্রত্যর্পণ চুক্তির প্রসঙ্গ সামনে এনে সরকার তার দেশে ফেরার পথ দীর্ঘায়িত করছে।
ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে বীণা সিক্রি বলেন, বাংলাদেশ সরকারের অবস্থান দেখে মনে হচ্ছে, তারা চায় না শেখ হাসিনা স্বেচ্ছায় দেশে ফিরে আসুক। অথচ হাসিনা নিজেই দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন এবং বাংলাদেশের আদালতে আইনি লড়াইয়ের মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েছেন।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হাসিনার পক্ষে পাসপোর্ট ও এনআইডির অনুরোধ জানানোর বিষয়ে সিক্রি বলেন, তাকে একটি ভ্রমণ নথি (ট্রাভেল ডকুমেন্ট) দেয়া হলে তিনি দেশে ফিরে বিচার প্রক্রিয়ার মুখোমুখি হতে পারবেন। তার পাসপোর্ট বাতিল হওয়ায় ভ্রমণ নথির জন্য আবেদন করাকে তিনি যৌক্তিক পদক্ষেপ বলেও মন্তব্য করেন।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট ও এনআইডি চেয়ে অনুরোধ জানিয়ে চিঠি দেয় ম্যাট্রিক্স চেম্বার্স নামের লন্ডনভিত্তিক একটি আইনজীবী প্রতিষ্ঠান। তবে ঢাকা থেকে ওই অনুরোধ নাকচ করে দেয়া হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির স্পষ্ট জানিয়ে দেন, শেখ হাসিনার মতো পলাতক সন্ত্রাসীকে কোনো পাসপোর্ট দেয়া হবে না।

