আশুলিয়া:: বেশির ভাগ কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা, আজও কয়েকটিতে ছুটি ঘোষণা
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর, ২০২৬ ১২:৪৮ অপরাহ্ণ | সংবাদটি ২৩ বার পঠিত

সকাল ৯টার পর আশুলিয়ার জামগড়া, বেরন ও নরসিংহপুর এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ না করে কর্মবিরতি পালন করায় সেসব কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
শিল্প পুলিশ জানায়, সকালে আশুলিয়ার বেশির ভাগ পোশাক শ্রমিকরা কারখানাগুলোতে প্রবেশ করে কাজে যোগ দিলেও কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে বিক্ষোভসহ কর্মবিরতি করতে থাকে। পরবর্তী সময়ে নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ কারখানাগুলোতে আজকের জন্য ছুটি ঘোষণা করে। পরে শ্রমিকরা কারখানা ছেড়ে বেরিয়ে বাসায় ফেরার পথে বিভিন্ন স্থানে জড়ো হওয়ার চেষ্টা করেন।
এ সময় টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ ছাড়া বেশির ভাগ পোশাক কারখানাগুলোতে কাজ চলছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
আশুলিয়া শিল্প পুলিশের এসপি মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, পোশাক কারখানার শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। তবে কয়েকটি কারখানার শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি স্বাভাবিক করে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কয়েকটি পোশাক কারখানায় এক দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিল্প পুলিশের পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা সেখানে মোতায়েন রয়েছেন।

