অসুস্থ ইমরান খানকে গোপনে চিকিৎসা শেষে ফের কারাগারে স্থানান্তর
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য মঙ্গলবার গভীর রাতে ইসলামাবাদের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাকে আবারও কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো জানিয়েছে—পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য গভীর রাতে হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
সূত্রগুলো জানিয়েছে, পরীক্ষা শেষে নিশ্চিত জানা গেছে যে, ইমরান খানের ডান চোখের দৃষ্টিশক্তি আরও কমেছে।
রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খানের চোখ পরীক্ষা করা হয় পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস–পিমস) হাসপাতালে। নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মকর্তা বলেন, ‘তার রক্তচাপজনিত কিছু সমস্যা হয়েছিল। গত রাতে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। এরপর তাকে আবার কারাকক্ষে ফিরিয়ে নেওয়া হয়েছে।’
ইমরান খানের আইনজীবীরা জানিয়েছেন, কারাগারে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং ডান চোখের দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। গত আগস্টের পর এই প্রথম ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া এবং পরে আবার কারাগারে ফিরিয়ে আনার ঘটনা জানা গেল। আগস্টে তাকে হাসপাতালে নেওয়া হলেও সেই চিকিৎসা পরিদর্শন মাঝপথেই বন্ধ করে দেওয়া হয়েছিল।
এদিকে, ইমরান খানের দল জানিয়েছে, পাকিস্তানের একটি আদালত কারা কর্তৃপক্ষকে তার আইনজীবী দল ও স্ত্রীকে তার সঙ্গে দেখা করার সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন।
ইমরান খানের দলের ডেপুটি চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকেও মঙ্গলবার পূর্বাঞ্চলীয় শহর লাহোরের একটি কারাগার থেকে একই শহরের হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

