রিপাবলিকানদের পরাজয়ে ইসরায়েলপ্রীতিও দায়ী, স্বীকার করলেন ট্রাম্প
এর আগে নির্বাচনে দলের বিপর্যয়ের পেছনে দুটি কারণের কথা জানিয়েছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার মূল্যায়নে, ইরানের সঙ্গে যুদ্ধ এবং ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক—এই দুই বিষয় ভোটারদের মধ্যে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে অসন্তোষ তৈরি করেছে।
এবার ভ্যান্সের সেই বক্তব্যের সঙ্গে অনেকটাই একমত হয়েছেন ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের জনপ্রিয় অনুষ্ঠান ‘সিক্সটি মিনিটস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের কারণগুলো তুলে ধরেন। আগামী রোববার (১৫ নভেম্বর) সাক্ষাৎকারটি প্রচারের কথা রয়েছে। সম্প্রতি হোয়াইট হাউসে সাংবাদিক রস ডুথাটের নেওয়া সাক্ষাৎকারেও এ বিষয়ে বিস্তারিত কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্পের ভাষ্য, নির্বাচনে তিনি নিজে প্রার্থী ছিলেন না। তবে রিপাবলিকান দলের কয়েকজন প্রার্থীর হয়ে জোরালো প্রচার চালিয়েছেন। তার ধারণা, নিজে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে ফলাফল অন্য রকম হতে পারত।
ইসরায়েল ইস্যুতে মার্কিন জনমতের পরিবর্তন নিয়েও কথা বলেন ট্রাম্প। তার দাবি, দেশটির প্রতি যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক বিরূপ মনোভাব তৈরি হয়েছে। যুদ্ধের প্রভাব, জ্বালানির বাড়তি দাম এবং ইসরায়েলবিরোধী এই মনোভাব—তিনটি বিষয়ই রিপাবলিকানদের নির্বাচনী বিপর্যয়ের অন্যতম কারণ।
তবে নির্বাচনে দলের পরাজয় স্বীকার করলেও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত থেকে সরে আসেননি ট্রাম্প। তার দাবি, ওই অভিযান ছিল সঠিক সিদ্ধান্ত। ভবিষ্যতে একই পরিস্থিতির মুখোমুখি হলে তিনি আবারও একই পদক্ষেপ নেবেন। কারণ, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া যায় না বলে মনে করেন তিনি।

