এইচআইভি আক্রান্ত ৩২ বন্দি, ৩৩ কারাগারে পরীক্ষার ব্যবস্থা
প্রান্তডেস্ক:দেশের বিভিন্ন কারাগারে ৩২ জন এইচআইভি আক্রান্ত বন্দি চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন বন্দি গত ২২ বছর ধরে কারাগারের ভেতরে নিয়মিত চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ পাচ্ছেন বলে জানিয়েছে কারা অধিদপ্তর। কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, জাতীয় এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় আক্রান্ত বন্দিদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি (এআরটি) দেওয়া হচ্ছে। জেল কোড অনুযায়ী তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা, ওষুধ এবং বিশেষ খাদ্যব্যবস্থাও নিশ্চিত করা হয়। আরো পড়ুন রাবির হলে ঘুমন্ত শিক্ষার্থীকে পাতি কালাচের ছোবল রাবির হলে ঘুমন্ত শিক্ষার্থীকে পাতি কালাচের ছোবল এক প্রতিবেদনে বণিক বার্তা জানায়, বর্তমানে দেশের ৩৩টি কারাগারে এইচআইভি পরীক্ষার ব্যবস্থা রয়েছে। কোনো বন্দির মধ্যে সংক্রমণের সন্দেহ দেখা দিলে পরীক্ষা করা হয়। পরীক্ষায় এইচআইভি পজিটিভ শনাক্ত হলে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, জামিনে মুক্তি, খালাস বা সাজা শেষে কোনো বন্দি কারাগার থেকে বের হলে তার চিকিৎসা যাতে বন্ধ না হয়, সে জন্য সংশ্লিষ্ট এলাকার স্বাস্থ্য কর্মকর্তাদের অবহিত করা হয়। তবে সামাজিক বৈষম্য ও হয়রানির আশঙ্কায় অনেক বন্দি কারাগারে প্রবেশের সময় নিজেদের এইচআইভি আক্রান্ত হওয়ার তথ্য গোপন করেন। ফলে আক্রান্তদের একটি অংশ শনাক্ত ও চিকিৎসার বাইরে থেকে যাওয়ার ঝুঁকিতে থাকেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

