ভাঙচুর-লুটপাটে জড়িতদের রাজনৈতিক পরিচয় আমলে নেওয়া হবে না: -স্বরাষ্ট্রমন্ত্রী

রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ছবি-ভিডিও থেকে নেওয়া
প্রান্তডেস্ক:রাজধানীতে বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের সঙ্গে জড়িতদের অপরাধী হিসেবেই গণ্য করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘তিনি একপর্যায়ে বলেছেন, তার কাছে কেউ চাঁদা চায়নি, চাইলে নাকি দিতেন। তো যার কাছে চাঁদা দাবি করা হয়নি, তিনি বলছেন চাইলে দিতেন। তাহলে তো চিহ্নিত কেউ নেই। এরপর তিনি বলছেন বিএনপি চাঁদা চেয়েছে। এটি একটি ঢালাও অভিযোগ। তিনি যদি নির্দিষ্ট মামলা করেন, আমরা সেটা তদন্ত করে দেখব।’
তিনি জানান, ঘটনার পর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং তিনজনকে গ্রেপ্তার করে।
মিরপুরের রাড্ডা ক্লিনিকে ভাঙচুরের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২৫ তারিখ মধ্যরাতের ওই ঘটনার পর পুলিশের অবহেলার অভিযোগ তদন্ত করা হয়েছে। অবহেলার কারণে শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ঘটনায় ইতোমধ্যে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মালামাল উদ্ধার করা হয়েছে।
রাজনৈতিক পরিচয় নির্বিশেষে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুষ্কৃতকারী বা দুর্বৃত্তদের রাজনৈতিক পরিচয় যাই থাকুক না কেন, আমরা সেটা আমলে নেব না। অপরাধের সঙ্গে জড়িতদের অপরাধী হিসেবেই গণ্য করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি বলেন, কড়া ব্যবস্থা নেওয়া হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে তারা আশা করছেন।

