সেলিম আল দীন স্মরণে দুই নাটকের নিয়ে চার প্রদর্শনী

সেলিম আল দীন
প্রান্তডেস্ক:নাট্যাচার্য সেলিম আল দীনকে স্মরণ করে ‘স্মরণে সেলিম আল দীন’ শিরোনামে দুটি নাটক নিয়ে চারটি প্রদর্শনীর আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ। ২৭-৩০ সেপ্টেম্বর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হবে প্রদর্শনীগুলো।
আয়োজনের প্রথম দুদিন, অর্থাৎ আজ ২৭ ও আগামীকাল ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে সেলিম আল দীনের কালজয়ী নাটক ‘যৈবতী কন্যার মন’। নাটকটির পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন আফরিন হুদা তোড়া। এরপর ২৯ ও ৩০ সেপ্টেম্বর একই সময়ে মঞ্চস্থ হবে সেলিম আল দীনের আরেক আলোচিত নাটক ‘ধাবমান’। নাটকটির পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন কৃপাকণা তালুকদার।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা। কালিন্দী চরিত্রে রয়েছেন দূর্বা, শিউল, পারিহান, ইলমা, শিফা, অথৈ, আয়াত ও সিথী।
নির্দেশক আফরিন হুদা তোড়া জানান, সেলিম আল দীনের কাব্যময় ভাষা ও মানবপ্রেমের গভীর দর্শনকে মঞ্চে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। কালিন্দীর প্রেম, আকুতি ও অস্তিত্বের সংকটের মধ্য দিয়ে সমকালীন সমাজের ধর্ম, পরিচয় ও মানবিকতার প্রশ্নও দর্শকের সামনে তুলে ধরতে চান তারা।
‘স্মরণে সেলিম আল দীন’ আয়োজন নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান রুবাইয়া জাবীন প্রিয়তা বলেন, ‘চার দিনের এ আয়োজনের মাধ্যমে সেলিম আল দীনের নাট্যভাবনা ও সৃষ্টিশীলতাকে নতুন প্রজন্মের দর্শকের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। সবার অংশগ্রহণে আয়োজনটি সফল হবে বলে আশা করছি।’

