সাংবাদিকের বাড়িতে হামলা: অনলাইন এডিটরস সোসাইটির তীব্র প্রতিবাদ

প্রান্তডেস্ক:দৈনিক যুগান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জ ও অনলাইন এডিটরস সোসাইটির (ওইএস) সদস্য অমিত হাসান রবিনের রাজবাড়ীর গ্রামের বাড়িতে সশস্ত্র সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। বুধবার (১১ নভেম্বর) ওইএস-এর সভাপতি হাসান শরীফ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানান।
বিবৃতিতে জানানো হয়, গত মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার গোলাবাড়ি গ্রামে সাংবাদিক রবিনের বাড়িতে একদল সশস্ত্র দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাঁর বাবা গোলাম মোস্তফা, মা ডলি আক্তার, বোন ঐশি আক্তার ও ভাবি শাহানা খাতুনকে বর্বরোচিতভাবে মারধর করে।
অবিলম্বে এই হামলার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেপ্তার এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে অনলাইন এডিটরস সোসাইটি। একই সঙ্গে সাংবাদিক রবিনের পরিবারের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের সব গণমাধ্যমকর্মী ও তাঁদের পরিবারের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, সাংবাদিক ও তাঁদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ ঘটনার সুষ্ঠু বিচার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে, সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে অনলাইন এডিটরস সোসাইটি।

