ওড়িশায় বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবল জাহাজ

প্রান্তডেস্ক:ভারতের ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। শনিবার পানামার পতাকাবাহী জাহাজটি ডুবে যায়। এতে ২৪ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে একজন বাংলাদেশের নাগরিক।
ডুবে যাওয়া জাহাজটির নাম ‘এমভি ওশান-উইনার’। গত ২০ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করেছিল জাহাজটি। জাহাজটিতে ওড়িশা থেকে তোলা ১ হাজার ৭০০ টন লৌহ আকরিক ছিল। জাহাজে থাকা ২৪ নাবিকের মধ্যে ২০ জন চীনের নাগরিক। তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক।
শনিবার সকাল ১১টা ৪৮ মিনিটে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পায় শ্রী বিজয়পুরমের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার। জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। একই সঙ্গে উদ্ধার অভিযানে সহায়তার অনুরোধ করে প্রতিষ্ঠানটি।
খবর পেয়ে ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। কোস্ট গার্ডের ‘বরদ’ ও ‘অনমোল’ নামের দুটি জাহাজকে ঘটনাস্থলের দিকে পাঠানো হয়। শ্রী বিজয়পুরম থেকে ‘বিজিত’ নামের আরো একটি জাহাজ উদ্ধার অভিযানে যুক্ত হয়।
ভারতীয় কোস্ট গার্ড জানিয়েছে, এখন পর্যন্ত লাইফ র্যাফট থেকে দু’জনকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দুর্ঘটনাস্থলের আশপাশে থাকা অন্যান্য জাহাজকে সতর্ক করা হয়েছে। উদ্ধার অভিযানে সহযোগিতা করার জন্য তাদেরও অনুরোধ জানানো হয়েছে।
জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর থেকে বাকি নাবিকদের উদ্ধারে অভিযান চলছে। তবে তাদের বর্তমান অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি। সূত্র: এনডিটিভি

