মাঠেই লুটিয়ে পড়লেন পর্তুগিজ ফুটবলার কাস্ত্রো
ছবি : সংগৃহীত
পর্তুগিজ ফুটবলে নেমে এসেছে শোকের ছায়া। প্রীতি ম্যাচ চলাকালীন মাঠেই লুটিয়ে পড়ে মারা গেছেন ২৫ বছর বয়সী পর্তুগিজ ফুটবলার কুয়েভিন কাস্ত্রো। অকালে এই তরুণ প্রতিভার প্রয়াণে স্তব্ধ হয়ে পড়েছে ইউরোপীয় ফুটবল অঙ্গন।
পর্তুগালের লিসবনে চতুর্থ বিভাগের ক্লাব রিয়াল স্পোর্টস ক্লাবের হয়ে শীর্ষ বিভাগের দল এস্ত্রেলা দা আমাদোরার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলছিলেন কাস্ত্রো। ম্যাচের মাত্র ১০ মিনিট পার হওয়ার পর কোনো সংঘর্ষ ছাড়াই হঠাৎ মাঠে পড়ে যান তিনি। দুই ক্লাবের চিকিৎসকরা দ্রুত মাঠে ঢুকে তাকে বাঁচানোর চেষ্টা করেন। সেখানে লাইফ সেভিং যন্ত্র ‘ডেফিব্রিলেটর’ ব্যবহার করা হলেও কোনো সাড়া মেলেনি। পরে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
কুয়েভিন কাস্ত্রোর ক্যারিয়ারের বড় একটি সময় কেটেছে ইংল্যান্ডে। ২০২১ সালে তিনি ইংলিশ ক্লাব ওয়েস্ট ব্রমউইচ আলবিয়নে যোগ দেন। ক্লাবটির মূল দলের হয়ে আর্সেনালের বিপক্ষে লিগ কাপের ম্যাচে তার অভিষেক হয়েছিল। এরপর ধারে বার্টন আলবিয়ন, নটস কাউন্টি ও গেটসহেডের হয়েও খেলেছেন এই মিডফিল্ডার।
কাস্ত্রোর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ওয়েস্ট ব্রমউইচ। ক্লাবটি জানিয়েছে, বার্নলির বিপক্ষে তাদের পরবর্তী ম্যাচে খেলোয়াড় ও কোচিং স্টাফরা কালো বাহুবন্ধনী পরে মাঠে নামবেন। এছাড়া ম্যাচের ২৫তম মিনিটে করতালির মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানানো হবে। লিসবন ফুটবল অ্যাসোসিয়েশনও এই ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছে।


