যুব আন্দোলনের নেতাকে হত্যা: প্রতিবাদে মহাসড়ক অবরোধ
প্রান্তডেস্ক:নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দলটির নেতা-কর্মীরা। শুক্রবার (২১ আগস্ট) সকালে উপজেলার মদনপুর এলাকায় প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখা হয়। পরে পুলিশ জড়িতদের গ্রেপ্তারের তথ্য দিলে বেলা পৌনে ১১টার দিকে অবরোধ তুলে নেন তারা।
নিহত বুলবুল আহমেদ (৩৫) ইসলামী যুব আন্দোলনের বন্দর থানা (পশ্চিম) শাখার যুগ্ম সম্পাদক ছিলেন। তিনি স্থানীয় শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে।
পুলিশ ও দলীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে বন্দরের সালেহনগর এলাকায় বুলবুলের ওপর হামলা চালানো হয়। ইসলামী আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাছুম বিল্লাহ অভিযোগ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বুলবুলের গ্যারেজে হামলা ও লুটপাটের ঘটনায় স্থানীয় ‘কিশোর গ্যাং’ নেতা শেখ সিফাত ও তার বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মামলা করেছিলেন বুলবুল। সেই মামলার জেরে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে সিফাত ও তার সহযোগীরা বুলবুলের ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, শুক্রবার (২১ আগস্ট) সকাল নয়টার দিকে নেতা-কর্মীরা সড়কে টায়ার ও বাঁশ-কাঠ পুড়িয়ে অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ ও প্রশাসনের আশ্বাসে প্রায় পৌনে দুই ঘণ্টা পর যাতায়াত স্বাভাবিক হয়।
এদিকে বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত শেখ সিফাতসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।


