ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ও চাপ কোনো সমাধান নয়: চীন
এএফপি::ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ মধ্যপ্রাচ্য সংঘাতের সমাধান বয়ে আনবে না বলে মনে করছে চীন। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা বলেছে। তেহরানের অর্থনীতিকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টায় চীনসহ বিভিন্ন দেশকে যোগ দিতে ওয়াশিংটন আহ্বান জানানোর পর বেইজিং এমন মন্তব্য করল।
যুক্তরাষ্ট্রের দাবি, তাদের পরিকল্পিত এই অভিযানের মাধ্যমে ইরানের সরকারকে ধসিয়ে দেওয়া সম্ভব। তবে তেহরান এমন হুমকিকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ আখ্যা দিয়ে বলেছে, এ ধরনের উদ্যোগ ব্যর্থ হতে বাধ্য।
ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর জন্য ট্রাম্পের উদ্যোগের পক্ষে অবস্থান নিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। সিএনবিসিকে সাক্ষাৎকার দেওয়ার সময় বেসেন্টের কাছে জানতে চাওয়া হয়েছিল- এই অভিযানে যোগ দিতে চীনকে চাপ দেওয়া হবে কি না? জবাবে বেসেন্ট বলেন, ‘অনেক বিষয়ই ব্যক্তিগতভাবে আলোচনা করা ভালো।’ এরপরই তিনি বেইজিংকে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানান।

