ছায়ানটের নতুন অধ্যক্ষ সেলিনা মালেক চৌধুরী

প্রান্তডেস্ক:ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনের অধ্যক্ষ হিসাবে দায়িত্ব নিয়েছেন সেলিনা মালেক চৌধুরী।
সঙ্গীতবিদ্যায়তনের অধ্যক্ষ এবং ছায়ানট সভাপতি সন্জীদা খাতুনের প্রয়াণের পর তিনি বিদ্যায়তনের তৃতীয় অধ্যক্ষ হিসাবে দায়িত্ব নিলেন।
ছায়ানট বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার (১৪ আগস্ট) সকালে অনুষ্ঠিত বিশেষ শিক্ষকসভায় তাকে এই দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।
১৯৬৩ সালে ছায়ানটের প্রতিষ্ঠালগ্নে ওস্তাদ মতিউর রহমান খান (মতি মিয়া) বিদ্যায়তনের অধ্যক্ষ এবং শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষক হিসেবে যোগদান করেন। ১৯৬৭ সালের ২ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি আমৃত্যু দায়িত্ব পালন করে গেছেন।
মতি মিয়ার পর দ্বিতীয় অধ্যক্ষ হিসাবে হাল ধরেন ছায়ানটের প্রতিষ্ঠাকালীন সদস্য সন্জীদা খাতুন। এবার তার জায়গায় দায়িত্বে এলেন সেলিনা মালেক চৌধুরী।
সেলিনা মালেক চৌধুরী বিদ্যায়তনের প্রথম আবর্তে ১৯৬৮ সালে রবীন্দ্রসঙ্গীত বিভাগ থেকে প্রথম মানে প্রথম স্থান অর্জন করে মতি মিয়া স্বর্ণপদকে ভূষিত হন। পরে তিনি বিদ্যায়তনের শিক্ষক হিসাবে যুক্ত হন।
রবীন্দ্রসঙ্গীত শিল্পী সেলিনা মালেক এক পর্বে ছায়ানটের কোষাধ্যক্ষও ছিলেন। এখন পর্যন্ত তিনি ছায়ানটের সংগঠক হিসাবে যুক্ত আছেন।
এদিকে গেল ৩১ জুলাই ছায়ানটের নতুন কার্যকরী সংসদ গঠিত হয়েছে। তাতে সারওয়ার আলী সভাপতি এবং লাইসা আহমদ লিসা সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হন।
সেদিন সদস্যদের ভোটে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৫ জনকে ৩ বছর মেয়াদে নির্বাচিত করেন সদস্যরা। একই মেয়াদে উপদেষ্টা নির্বাচিত হয়েছেন ৬ জন।
নবনির্বাচিত কার্যকরী সংসদে সহসভাপতি হয়েছেন খায়রুল আনাম শাকিল ও পার্থ তানভীর নভেদ।
যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জয়ন্ত রায় ও তানিয়া মান্নান। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন নাসেহুন আমীন।
এছাড়া কার্যকরী সংসদের সদস্যরা হলেন মফিদুল হক, সাহানা আখতার রহমান পাপড়ি, নাহাস খলিল, জুবায়ের ইউসুফ, জেসমিন বুলি, শশাঙ্ক সাদী, শারমীন সাথী ইসলাম এবং মহুয়া মঞ্জরী সুনন্দা।
উপদেষ্টা পরিষদে নির্বাচিত হয়েছেন সেলিনা মালেক চৌধুরী, ইফফাত আরা দেওয়ান, শাহীন সামাদ, সুলতানা কামাল, রামেন্দু মজুমদার এবং শ্যামলী নাসরিন চৌধুরী।

