মুভি মাফিয়াদের চাপে নীতি ভাঙার অভিজ্ঞতা জানালেন কুমার শানু
প্রান্তডেস্ক:নব্বই দশকের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানু। ক্যারিয়ারের শুরু থেকেই একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। সব সময় গান নির্বাচনের ক্ষেত্রে নিজের কিছু নীতি মেনে চলতেন এই শিল্পী। বিশেষ করে গানে অশ্লীলতা এড়িয়ে চলার বিষয়ে ছিলেন কঠোর। তবে ইন্ডাস্ট্রির প্রভাবশালী ব্যক্তিদের চাপের মুখে সেই নীতি থেকে সরে আসতে বাধ্য হয়েছিলেন বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নব্বইয়ের দশকের সেই অভিজ্ঞতার কথা জানান কুমার শানু। গায়ক বলেন, ‘আমার একটি নীতি ছিল। আমি আমার গানে অশ্লীলতা আনব না। কিন্তু দু-একবার নীতিভঙ্গ হতে বাধ্য হয়েছি। কারণ প্রভাবশালীদের এতটাই চাপ ছিল যে মনে হয়েছিল, গানগুলো যদি না গাই, তাহলে হয়তো আগামীতে আর কাজই পাব না।’
তবে ইন্ডাস্ট্রির প্রভাবশালী মহলের চাপ সবসময় সামলাতে পারেননি বলেও স্বীকার করেছেন তিনি। কুমার শানুর মতে, তার ক্যারিয়ারে এক-দুটি গান রয়েছে, যেগুলো তাঁর নিজের নীতির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ ছিল না।
তবে এমন অভিজ্ঞতার পরও নিজের অবস্থান থেকে সরে যাননি কুমার শানু। তাঁর দাবি, ‘মুভি মাফিয়া’দের চাপ থাকলেও বর্তমানে তিনি নিজের নীতিতে অটল। অশ্লীল গান এড়িয়ে চলার কারণে ক্যারিয়ারে ক্ষতিও হয়েছে বলে জানান তিনি।
কুমার শানুর কথায়, ‘এটা ছাড়া আমি সবসময় অশ্লীল গান এড়িয়ে চলেছি। এখনও আমি এই নীতিতে অটল। এর জন্য হয়তো আমার অনেক ক্ষতি হয়েছে, কিন্তু তাতে আমার আপত্তি নেই।’
দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দেওয়া কুমার শানুর এই বক্তব্য ফের আলোচনায় এনেছে বলিউডের গান নির্বাচনে শিল্পীদের ওপর প্রভাবশালী মহলের চাপ এবং গানের ভাষা নিয়ে বিতর্কের বিষয়টি। সূত্র: দ্য ওয়াল

