রাষ্ট্রপতি নির্বাচন : অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
ছবি : সংগৃহীত
প্রান্তডেস্ক:আগামী ২০ আগস্ট অনুষ্ঠেয় দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৬ আগস্ট) সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের সমর্থিত প্রার্থী হিসেবে অলি আহমদ এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ বেলা ১১টার দিকে সিইসির সভাকক্ষে তর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
অলি আহমদের পক্ষে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। আইন অনুযায়ী একটি মনোনয়নপত্র সঠিক ও বৈধ পাওয়ায় অন্যটি যাচাইয়ের প্রয়োজন পড়েনি। তার এই মনোনয়নের প্রস্তাবক ছিলেন আমিরে জামায়াত এবং সমর্থক ছিলেন এনসিপি থেকে নির্বাচিত সংসদ সদস্য আল-আমিন।
অন্যদিকে, আজ দুপুর ১২টায় বিএনপি ও সমমনা দলগুলোর প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র যাচাই-বাছাই করার কথা রয়েছে।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা। এরপর ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ৩৪৯ জন সংসদ সদস্যের ভোটে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। অলি আহমদের পক্ষে উপস্থিত থাকা সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেন জানান, জোটের পক্ষ থেকে প্রার্থিতা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই। তারা নির্বাচনে শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করবেন।


