খাইবার পাখতুনখোয়া প্রদেশে ২২ পাকিস্তানি তালেবান নিহত

প্রান্তডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশে একটি যৌথ গোয়েন্দা-ভিত্তিক অভিযানে অন্তত ২২ জন পাকিস্তানি তালেবান নিহত হয়েছে।
শুক্রবার এ খবর জানিয়েছে পাকিস্তানি সামরিক বাহিনী। কেপিতে সশস্ত্র হামলা বৃদ্ধি পেয়েছে এবং নিয়ন্ত্রণে পাকিস্তান হিমশিম খাচ্ছে।
নিহতদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে। তারা ওই এলাকায় অসংখ্য ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে’ সক্রিয়ভাবে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তান তার ভূখণ্ড ব্যবহারের অনুমতি দিয়েছে এবং ভারত পাকিস্তানের বিরুদ্ধে আন্তঃসীমান্ত হামলার জন্য সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন করছে। কাবুল ও নয়াদিল্লি এই অভিযোগ অস্বীকার করেছে।
আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের পশ্চিমাঞ্চলে হামলা বৃদ্ধির জেরে কয়েক মাস ধরে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সংঘাত চলছে। সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় একজন আত্মঘাতী বোমা হামলাকারীসহ দুই সশস্ত্র ব্যক্তিকে হত্যা করা হয়েছে।

