কিশোরীকে ধর্ষণের অভিযোগে দু’জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত
প্রান্তডেস্ক:সিলেটের বিশ্বনাথে কিশোরীকে ধর্ষণের অভিযোগে দু’জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।বুধবার (১ জুলাই) সিলেটের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম রুবাইয়া ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন বিশ্বনাথের শাহবাজপুর মো. আশিক আলীর ছেলে জয়নাল (২৫) ও কান্দিরগাঁও এলাকার মো. মঈনুদ্দিনের পুত্র নাজিম উদ্দিন (২৫)।জানা গেছে, ২০১২ সালের ২৭ নভেম্বর বিকালে জয়নাল ১৪ বছরের ওই কিশোরীকে তার বসতঘরে নিয়ে যান। সেখানে আগে থেকেই ছিলেন নাজিম উদ্দিন। তারা পালাক্রমে তাকে ধর্ষণ করেন।
এরপর জয়নাল ঘর থেকে বেরিয়ে গেলে কিশোরীটি তার মোবাইল ফোন ব্যবহার করে তার মায়ের কাছে বিস্তারিত জানালে মা মেয়েকে উদ্ধার করে বাড়ি নিয়ে যান এবং পরদিন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে ওই বছরের ১ ডিসেম্বর বিশ্বনাথ থানায় মামলা দায়ের করা হয়।


