প্রান্তডেস্ক:যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমান মোতায়েনের অনুরোধ প্রত্যাখ্যান করেছে শ্রীলংকা। দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে শুক্রবার (২০ মার্চ)পার্লামেন্টে এ তথ্য জানান।
তিনি বলেন, মার্চের শুরুতে দ্বীপটির দক্ষিণাঞ্চলের একটি বেসামরিক বিমানবন্দরে দুটি মার্কিন যুদ্ধবিমান রাখার অনুমতি চেয়েছিল যুক্তরাষ্ট্র। তবে শ্রীলংকা নিরপেক্ষতা বজায় রাখা এবং কোনো পক্ষের সামরিক কার্যক্রমে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ না দিতে এই অনুরোধ প্রত্যাখ্যান করা হয়।
প্রেসিডেন্ট জানান, ২৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এ অনুরোধ জানায়। একই দিনে ইরান-ও ভারতের সঙ্গে নৌ-মহড়া শেষে ফেরার পথে তাদের তিনটি যুদ্ধজাহাজ কলম্বো বন্দরে নোঙর করার অনুমতি চেয়েছিল।
তিনি বলেন, ‘ইরানের অনুরোধ তখনও বিবেচনাধীন ছিল। আমরা যদি তাদের অনুমতি দিতাম, তাহলে যুক্তরাষ্ট্রকেও দিতে হতো। কিন্তু আমরা কোনো পক্ষকেই অনুমতি দিইনি। আমরা আমাদের নিরপেক্ষ অবস্থান অটুট রেখেছি।’ তার এ বক্তব্যে ২২৫ সদস্যের পার্লামেন্টে করতালি পড়ে।
এদিকে মার্চের ৪ তারিখ শ্রীলংকার দক্ষিণ উপকূলের কাছে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবে যায়, এতে অন্তত ৮৪ জন নাবিক নিহত হন। শ্রীলংকার নৌবাহিনী ৩২ জনকে জীবিত উদ্ধার করে।
পরদিন নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ইরানের আরেকটি জাহাজকে শ্রীলংকার জলসীমায় প্রবেশের অনুমতি দেওয়া হয়। জাহাজটির ২১৯ জন নাবিক বর্তমানে কলম্বোতে আশ্রয় নিয়েছেন।
প্রেসিডেন্ট দিসানায়েকে আরও জানান, জিবুতি ঘাঁটি থেকে আটটি অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্রসহ দুটি মার্কিন যুদ্ধবিমান ৪ থেকে ৮ মার্চ পর্যন্ত মাট্টালা আন্তর্জাতিক বিমানবন্দর-এ রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু সেটিও প্রত্যাখ্যান করা হয়েছে।