প্রান্তডেস্ক:অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ভারত মহাসাগরীয় অঞ্চলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে ১৯ নভেম্বর দিল্লি যাচ্ছেন। ভারত মহাসাগরের পাঁচটি দেশের সমন্বয়ে গঠিত কলম্বো সিকিউরিটি কনক্লেভের এই সম্মেলন ২০ নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে তিনি দুদিনের সফরে দিল্লি যাচ্ছেন।
সরকারের একটি দায়িত্বশীল সূত্র নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানিয়েছে, খলিলুর রহমানের সফর নিশ্চিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ঢাকায় ভারতীয় হাইকমিশনের একটি সূত্রও জানিয়েছে, তার সফর চূড়ান্ত হয়েছে, যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
দিল্লিতে সম্মেলনের ফাঁকে বাংলাদেশ ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে বৈঠক হবে কি না, সে বিষয়ে বাংলাদেশি কূটনৈতিক সূত্র নিশ্চিত করতে পারেনি। তবে ভারতীয় একটি সূত্র জানিয়েছে, আলোচনার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাংলাদেশের পরিবর্তনশীল ও অস্থির রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে দুই দেশের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারকদের সরাসরি আলোচনায় আগ্রহ রয়েছে। ফলে ২০ নভেম্বরের সম্মেলনের বিরতিতে সংক্ষিপ্ত বৈঠক হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
গত বছরের আগস্টে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি হতে যাচ্ছে দ্বিতীয় কোনো উপদেষ্টার দিল্লি সফর। এর আগে এ বছরের ফেব্রুয়ারিতে ইন্ডিয়া এনার্জি উইকে অংশ নিতে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ভারত সফর করেন।