ঝাড়খণ্ডের সাবেক মুখ্যমন্ত্রী শিবু সোরেনের মৃত্যু

প্রান্তডেস্ক:ঝাড়খণ্ডের সাবেক মুখ্যমন্ত্রী শিবু সোরেনের মৃত্যু হয়েছে। পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনে তার অবদান ছিল অপরিসীম। দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) প্রতিষ্ঠাতা। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বাবার মৃত্যুর খবর এক্স হ্যান্ডেলে প্রকাশ্যে এনেছেন।
তিনি লেখেন, ‘শ্রদ্ধেয় দিশোম গুরুজি আজ আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছেন। আজ আমি শূন্য হয়ে গেছি…’। হাসপাতালের তরফে এই বিষয়ে এক বিবৃতি জারি করে বলা হয়েছে যে, সকাল ৮টা ৫৬ মিনিটে সাবেক মুখ্যমন্ত্রীকে মৃত ঘোষণা করা হয়। কিডনি সংক্রান্ত সমস্যার কারণে জুনের শেষ সপ্তাহে শিবু সোরেন দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হন। এক মাসেরও বেশি সময় চিকিৎসাধীন থাকার পর ৮১ বছর বয়সে মৃত্যু হয় তার।
ঝাড়খণ্ড তথা জাতীয় রাজনীতিতে শিবু সোরেন এক উল্লেখযোগ্য নাম। আদিবাসী এই নেতা ৩৮ বছরেরও বেশি সময় ধরে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতৃত্ব দিয়েছেন। তিনবার রাজ্যের মুখ্যমন্ত্রী হন তিনি। ৮ বার লোকসভার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন। জাতীয় রাজনীতিতে দাপটের সঙ্গে কাজ করেছেন। কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব নিয়ে সামলেছেন গুরুত্বপূর্ণ মন্ত্রক। তিনবার রাজ্যসভার সাংসদ হয়েছেন তিনি। ঝাড়খণ্ড রাজনীতির অন্যতম স্তম্ভ ছিলেন শিবু। জাতীয় রাজনীতিতেও তার প্রভাব কিছু কম ছিল না। রাজ্যের মানুষের কাছে শিবু সোরেন ছিলেন দিশোম গুরু (দেশের গুরু)। তবে শারীরিক কারণে সাম্প্রতিক বছরগুলোতে সক্রিয় রাজনীতি থেকে সরে এসেছিলেন শিবু সোরেন।
জেএমএম প্রতিষ্ঠাতার মৃত্যুতে শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘শিবু সোরেনজি ছিলেন একজন তৃণমূল স্তরের নেতা, যার জনগণের প্রতি অটল নিষ্ঠা ছিল। তিনি বিশেষ করে উপজাতি সম্প্রদায়, দরিদ্র ও নিপীড়িতদের ক্ষমতায়নের জন্য আগ্রহী ছিলেন। তার মৃত্যুতে আমি মর্মাহত।’
সূত্র: টাইমস নাও

