মোজতবা খামেনি ইরানে নেই, দাবি ইসরায়েলের
প্রান্তডেস্ক:ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে দেশের বাইরে আছেন বলে দাবি করেছে ইসরায়েলের একটি নিরাপত্তা সূত্র। সৌদি আরবের সংবাদমাধ্যম আল-হাদাথ রোববার (১৯ জুলাই) এ তথ্য প্রকাশ করেছে
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনিকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তবে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি একবারও জনসমক্ষে আসেননি। শুধু তার নামে কিছু লিখিত বার্তা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
সূত্রটি আরও দাবি করেছে, ইরানের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্ব এতটাই তীব্র আকার ধারণ করেছে যে তা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলে দিয়েছে।
তবে আল-হাদাথের এই প্রতিবেদনের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে ইরান কিংবা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: টাইমস অব ইসরায়েল


